নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্ধবছরের সকল প্রকল্পে নো ওয়ার্ক নো বিল নীতি ঘোষণা করা হয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝে নিতে রাতেও প্রকল্প পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান। গত ১৭ই জুন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের যশমাধব, বৃকালিকা, সানিয়াপাড়া, গুহিয়ালা, গোড়াউন্দ, অতীতপুর, পূর্ব ও পশ্চিম বাজার, বড়ি, দাসপাড়া এলাকার প্রকল্পসমূহ সরজমিন পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত স্থানীয়রা তাদের প্রশংসা করেন। যশমাধব গ্রামের কয়েকজন বয়োবৃদ্ধ জানান, বিগত ৭০-৮০ বয়সে আমরা কখনও কোনো টিএনও’র রাস্তাঘাট দেখতে আসতে দেখিনি। তাও আবার রাইতে। আমরা সাধারণ মানুষরা চাই এভাবেই যেন শতভাগ যাচাই-বাছাই করে কাজগুলো করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্ধবছরে উপজেলায় টিআর, কাবিখা, কাবিটা কর্মসূচির আওতায় নির্বাচনী ও সাধারণ খাতে এ উপজেলায় মোট ১৩৫টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সর্বশেষ গত ১৫ই জুন আর্থিক অনুমোদন পাওয়া যায় জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোণা থেকে। আগামী ২৩শে জুন টাকা উত্তোলন ও সমুদয় কাজ সমাপ্ত করার শেষ দিন। তাই এই স্বল্প সময়ের মধ্যে সকল প্রকল্প পরিদর্শন ও বাস্তবায়ন শেষ করতে হবে। বারহাট্টা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর টিআর, কাবিখা, কাবিটার অর্থ দ্বারা দৃশ্যমান ও টেকসই জনবান্ধন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রতিটি প্রকল্পের বিপরীতে পরিদর্শন ব্যতিত কোনো বিল ছাড়করণের সুযোগ নেই। উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, টিআর, কাবিটা, কাবিখা কর্মসূচির মাধ্যমে গৃহীত প্রকল্পসমূহ সরজমিন পরিদর্শনে মাঠে আছি। যতটুকু বরাদ্দ ঠিক ততটুকু কাজ বাস্তবায়ন না করলে কোনো বিল ছাড় করা হবে না।
