ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারী জেলার ২২ বছর বয়সী এক তরুণী। ১৬ই জুন রাত ১১টা থেকে ওই তরুণী ওই যুবকের বাড়িতে ঘরের সামনে অবস্থান করছেন। এ দিকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন ওই যুবক ও তার পরিবারের সদস্যরা। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটেছে। তরুণীকে পাহারা দিচ্ছেন ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাকিব নামের এক যুবক। পুলিশ বলছে, তাকে সরানোর জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে তিনি বিয়ে ছাড়া ওই বাড়ি ত্যাগ করবেন না বলে জানান। এদিকে ওই তরুণীকে হানিট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবকের মা নারগিস আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।
ওই যুবকের আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, সোনাগাজী মডেল থানার তোহুর নামে এক এসআইয়ের ইন্ধনে ওই তরুণী যুবকের বাড়ি ছাড়ছেন না। ওই যুবকের নাম আরিফ হোসেন। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। তরুণীর নাম মোসাম্মৎ ফেরদৌসী আক্তার (২২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর থানার ৭নং ওয়ার্ডের মশরত ধলিয়া সর্দার পাড়ার মো. কালার কন্যা।
পুলিশ, এলাকবাসী, তরুণী ও ভুক্তভোগী পরিবার জানায়, আরিফ হোসেন তিন বছর পূর্বে জীবিকার তাগিদে ওমান যান। গত এক বছর পূর্বে ফেসবুকের মেসেঞ্জারে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী গত ১৫ দিন পূর্বে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তরুণীকে সরাসরি দেখার পর ওই যুবকের পছন্দ না হওয়ায় তাকে বুঝিয়ে তার পিতার বাড়িতে সৈয়দপুর দিয়ে আসেন ওই যুবক। সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আরিফ তার ফেসবুক আইডি ও মুঠোফোন বন্ধ করে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তরুণী যুবকের বন্ধু শিবলুর কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রেমিক আরিফের বাড়িতে ওঠেন। ওই তরুণী তার ঘরে ঢুকতে চাইলে আরিফসহ তার পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। ওই যুবকের পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সোনাগাজী মডেল থানার এসআই তোহুর আহমদের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে যুবকের পরিবারের কোনো সদস্যকে না পেলেও তিনি তরুণীর বক্তব্যের ভিডিও ধারণ করে ফের থানায় চলে যান। তিনি মৌখিক ভাবে পাহারা দেওয়ার জন্য স্থানীয় গ্রাম পুলিশ রাকিবকে নির্দেশ দেন।
ওই তরুণী জানান, বিয়ের কথা বলে ওই যুবক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহনা করছেন। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার পিতা-মাতাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে করা ছাড়া আমি তার বাড়ি ছাড়বো না।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ১৬ই জুন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেন না বলে জানিয়েছেন।
