অপরাজিত থেকে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা নির্ধারণীতে প্রতিপক্ষ ছিল ভারত ‘এ’ দল। ২০২৩ সালে ভারতের কাছে ফাইনাল হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। এবারো পারেনি টাইগ্রেসরা। গতকাল থাইল্যান্ডে ভারতের দেয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৬ রানে হেরে আক্ষেপে পুড়ে ফাহিমা খাতুনের দল। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল।। ওপেনার ইশমা তানজিমকে ব্যক্তিগত ৩ রানে ফেরান ভারতীয় পেসার সাইমা ঠাকুর। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগ্রেসরা। শামীমা সুলতানা ও শারমিন সুলতানা মিলে ২৫ বলে ২৫ রানের জুটি গড়েন। ম্যাচে বাংলাদেশের ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ রানের জুটি। সপ্তম ওভারের চতুর্থ বলে শামীমাকে ফেরান ভারতের লেগস্পিনার প্রেমা রাওয়াত। ১৫ বলে ৩ চারে ২০ রান করেন শামীমা। ম্যাচে বাংলাদেশের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। শামীমা আউট হবার পর বাংলাদেশের ব্যাটিংসে ধস নামে। শেষ ৪১ রান করতে ৭ উইকেট হারায় টাইগ্রেসরা। ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের প্রেমা রাওয়াত ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান সোনিয়া মেন্ধিয়া ও তানুজা কানওয়ার। ম্যাচসেরার পুরস্কার ওঠে তেজাল হাসাবনিসের হাতে। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। শুরুতে ভারতীয় ব্যাটারদের চেপে ধরে টাইগ্রেস বোলাররা। ৮.১ ওভারে ৪৪ রান তুলতে ৪ ব্যাটারকে হারায় ভারত। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদব ৬৯ রানের জুটি গড়ে চাপ সামলে নেন। ১৭তম ওভারের তৃতীয় বলে রাধাকে ব্যক্তিগত ৩৬ রানে ফিরিয়ে জুটি ভাঙেন টাইগ্রেস অধিনায়ক ফাহিমা খাতুন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে ভারত। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন। একটি করে উইকেট নেন ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হারা ভারত ফাইনালে বাংলাদেশকে হারালো।
ব্যাংককে শেষটায় আক্ষেপে পুড়লো বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
