ঢাকা-মানিকগঞ্জ স্বপ্নের রেলপথ

রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনার যোগাযোগে নতুন সম্ভাবনা

ফন্ট সাইজ:

ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ায় মানিকগঞ্জবাসীর মধ্যে খুশির বন্যা বইছে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পায়। ফলে রেল মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে শুধু মানিকগঞ্জ জেলাই নয় পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনা জেলার মানুষজনের যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে।

কমিউটার ট্রেন চালুর খবরটি ছড়িয়ে পড়ার পর জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ এটিকে মানিকগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন। তাদের মতে শুধু মানিকগঞ্জ জেলাই নয় রেল সংযোগ বাস্তবায়িত হলে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২রা এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা রেলমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ বিষয়ে একটি আধা-সরকারি (ডিও) পত্র দেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান। মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলার সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন। রাজধানীর খুব কাছাকাছি অবস্থান করলেও এখন পর্যন্ত দেশের রেল নেটওয়ার্কের বাইরে রয়েছে জেলা। ফলে প্রতিদিন হাজারো মানুষকে সড়কপথে তীব্র যানজট ও ভোগান্তি সহ্য করে ঢাকায় যাতায়াত করতে হয়।

মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুস সালাম বাদল বলেন, রেলপথ চালু হলে জেলার কৃষিপণ্য, দুগ্ধজাত পণ্য ও ক্ষুদ্র শিল্পের উৎপাদিত সামগ্রী দ্রুত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা যাবে। এতে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। এ ব্যাপারে আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রেল সংযোগ। জনগণের সেই দাবি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে। নীতিগত সিদ্ধান্ত হওয়ায় আমি আশাবাদী, দ্রুত পরবর্তী কার্যক্রম শুরু হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন