যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাস্তি পেলেন মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের সাবেক ক্রিকেটার, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজারকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। গত বছরেরর ডিসেম্বরে অস্ট্রেলিয়াপ্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম বিসিবিতে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্ট পাওয়ার পর ৪ঠা ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটি জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পেয়েছে । তার কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে বলেও জানানো হয়। তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই গতকাল ভার্চ্যুয়াল বোর্ড সভায় মঞ্জুরুলকে শাস্তি প্রদান করে বিসিবি। অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকেই মঞ্জুরুল বিসিবির কোনো দায়িত্বে নেই। জাহানারার অভিযোগ ছিল বিসিবির নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। কিন্তু বিসিবির একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি তৌহিদের বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি।
মঞ্জুরুলকে কোনো কাজে সম্পৃক্ত করবে না বিসিবি
স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
