ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। বুধবার মধ্যরাতে পৌর এলাকার মাগুড়া কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব (২৩) ওই গ্রামের এরশাদুল হক লিটনের ছেলে।
স্থানীয়রা জানান, রাকিব ও বড় ভাই সাকিব দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাত ১০টার দিকে রাকিব তার বাবার কাছে মোটরসাইকেলের চাবি চায়। এ সময় সাকিব রাতে মোটরসাইকেলের চাবি দিতে তাদের বাবাকে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ৩টার দিকে ছোট ভাই রাকিব তার বড় ভাই সাকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল জানান, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তিনি আরও জানান- তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
