বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকালে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল আজহার দু’দিন আগে রশিদপুর চা বাগানের শ্রমিক মৃত বশির মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৬৫) শিশুটিকে ধর্ষণ করে। প্রথমে মেয়েটি পরিবারকে ঘটনাটি জানায়নি। পরবর্তীতে মেয়েটি পেট ব্যথাসহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসায় তার উন্নতি না হলে একপর্যায়ে মেয়েটি তার সঙ্গে সংঘটিত ঘটনা অভিভাবকদের জানায়। তারা বিষয়টি স্থানীয় ইউপি মেম্বারসহ বাগান পঞ্চায়েতকে অবহিত করে। পরে ইউপি মেম্বার ও বাগান পঞ্চায়েতরা শিশুটিকে নিয়ে থানায় হাজির হন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতাল ও আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
