নবীনগরে গোলাগুলির ঘটনায় নিহত রিফাতের পরিবারের ৪ দিন পর মামলা

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিহত রিফাতের পরিবারের ৪ দিন পর মামলা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির ঘটনায় নিহত রিফাত (২৮)-এর পরিবারের পক্ষ থেকে ৪ দিন পর মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নবীনগর থানায় নিহতের বোন মুক্তা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এদিকে গত বুধবার রাতে রিফাতের লাশ দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের রিফাত গ্রুপ ও নুরজাহানপুর গ্রামের শিপন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গত ১৪ই জুন রিফাতের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করা হয়।

এ সময় হামলাকারী প্রতিপক্ষ গুলিবিদ্ধ রিফাতকে ছিনতাই করে নিয়ে যাওয়ার দু’দিন পর মঙ্গলবার ১৬ই জুন রাতে নরসিংদী নৌপুলিশ রিফাত (২৮)-এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পরে বুধবার মরদেহের পোস্টমর্টেম করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বোন মুক্তা অভিযোগ করেন, তার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের আলামত দেখা গেছে। নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
যেহেতু মরদেহটি নরসিংদীতে উদ্ধার হয়েছে, তাই আইনি প্রক্রিয়া ও পোস্টমর্টেম শেষ করে মামলা করতে বিলম্ব হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন