নারায়ণগঞ্জে লাশ ধোয়ার ঘর ও এম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ

নারায়ণগঞ্জে লাশ ধোয়ার ঘর ও এম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ

ফন্ট সাইজ:

নাগরিক সেবাকে আরও মানবিক, আধুনিক ও দ্রুতগামী করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ শহরে একটি আধুনিক লাশ ধোয়ার ঘর এবং এম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

জানা গেছে, প্রকল্পের আওতায় সকল ধর্মের মানুষের মৃতদেহ সংরক্ষণ ও গোসলের উপযোগী ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি বিনা খরচে এম্বুলেন্সের মাধ্যমে মৃতদেহ নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থাও থাকবে। পরিদর্শন শেষে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে এম্বুলেন্স রাখার নির্দিষ্ট স্থান থাকলে রোগী ও মৃতদেহ পরিবহন কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য। উন্নয়ন ও মানবিক সেবার এই ধারা ইনশাআল্লাহ্ অব্যাহত থাকবে।’ তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাধারণ মানুষ যাতে জরুরি মুহূর্তে দ্রুত এম্বুলেন্স সেবা পেতে পারেন এবং মৃতদেহের শেষকৃত্য সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে এ ধরনের সেবা অবকাঠামো গড়ে উঠলে জনদুর্ভোগ কমবে এবং নাগরিক সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন