কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সম্রাট হিসেবে পরিচিত লিটন মিয়া গ্রেপ্তারের পর মাদকের সাম্রাজ্য চালান তার বউ সুমা আক্তার। তবে বুধবার রাতে তাকেও ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, কিশোরগঞ্জের কটিয়াদীতে নবাগত ওসি মো. রফিকুল ইসলাম যোগদানের পরদিন উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়ার মাদক সম্রাট লিটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। তবে মাদক সম্রাট লিটন মিয়া জেলে থাকলেও তার সাম্রাজ্যে মাদকের বিস্তার কমেনি। লিটন জেলে কিন্তু মাদকের বেচাকেনা চলে আগের মতোই। তাহলে চালায় কে? প্রশ্ন জনমনে। বিষয়টি নজরে আসে ওসি মো. রফিকুল ইসলামের। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লিটনের বাড়িতে অভিযান চালিয়ে তার বউ সুমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে চল্লিশ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির এক লাখ সত্তর হাজার টাকা জব্দ করেন। এ সময় তার বাড়ি থেকে রামদা, চাইনিজ কুড়াল, ছুরিসহ বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, লিটনের বউ সুমা আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুমার বড় বোনও লিটনের স্ত্রী। তাকেও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। কিন্তু সে জামিনে চলে আসে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
