কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লবণবোঝাই একটি কভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কভার্ড ভ্যানের মালিক, চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার বিকেলে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। আটককৃতরা হলো, ভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, ভ্যান চালক মোজাহের শেখ এবং তার সহকারী সুরুজ হোসেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদে জানতে পারি চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি মাদকের চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।
এসময় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে একটি প্রাইভেটকার আটক করে। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী পদুয়ার বাজার এলাকায় একটি কভার্ড ভ্যান আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, পরে ভ্যানটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির উপরের অংশে বিশেষ কায়দায় তৈরি করা গোপন চেম্বার থেকে ১৬টি প্যাকেটে রাখা ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন পণ্যবাহী যানবাহন ব্যবহার করে আসছে। তবে পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযানের কারণে এসব চক্রের সদস্যরা আইনের আওতায় আসছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। একই সঙ্গে এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন।
