উরুগুয়ে ম্যাচের আগেই ভোজিনিয়ার স্বপ্নপূরণ

উরুগুয়ে ম্যাচের আগেই ভোজিনিয়ার স্বপ্নপূরণ

ফন্ট সাইজ:

স্পেনের বিপক্ষে বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে নজর কাড়েন গোলরক্ষক জোসিমান ভোজিনিয়া ডিয়াস। সাতটি দুর্দান্ত সেভ করে দলকে এনে দেন ঐতিহাসিক ড্র। মাঠের সাফল্যের মধ্যেও তার মনে ছিল
দুঃখের ছায়া। ম্যাচসেরা হওয়ার পর আবেগাপ্লুত ভোজিনিয়া জানিয়েছিলেন, মার্কিন ভিসার জটিলতা ও আকাশচুম্বী খরচের কারণে বিশ্বকাপে তার মায়ের আসা হয়নি।

অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আক্ষেপ ঘুচিয়ে এখন মায়ের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ভোজিনিয়া। জানা গেছে, উরুগুয়ে ম্যাচের আগেই যুক্তরাষ্ট্রে পা রাখবেন ভোজিনিয়ার মা।
ইউএস হাউস ডেমোক্র্যাটিক লিডার হাকিম জেফরিস জানিয়েছেন, ভোজিনিয়ার মায়ের জন্য মার্কিন ভিসা মঞ্জুর করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি নিজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। ভোজিনিয়ার মায়ের সব ভিসা ফিও মওকুফ করে দেয়া হয়েছে।

এছাড়া কেপ ভার্দের অন্য খেলোয়াড়দের পরিবারের জন্য ১৫ হাজার ডলারের বন্ডের শর্তও শিথিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভোজিনিয়ার মা আনা ক্যান্ডিদা এভোরা বিবিসিকে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবকিছু খুব দ্রুত হচ্ছে, আমি সত্যিই খুব খুশি। ঈশ্বর চাইলে আমি আমার ছেলেকে মাঠে খেলতে দেখবো। আমি সেখানে ওকে সাহস ও শক্তি জোগাতে যাচ্ছি। ম্যাচ শেষে ওকে জড়িয়ে ধরবো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন