মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। আর্জেন্টিনার দুর্দান্ত শুরুর বিপরীতে সেলেসাওদের এমন ম্লান পারফরম্যান্স স্বাভাবিকভাবেই হতাশ করেছে ভক্তদের। এ অস্বস্তির মাঝে ব্রাজিল শিবিরে হাসির খোরাক জোগালেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সংবাদ সম্মেলনে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট লুলা স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে হাসতে বলেন, ‘আমি তো ভাবছিলাম, মেসিকে ব্রাজিল দলে নেয়া যায় কি না!’
আলজেরিয়ার বিপক্ষে মেসির বিশ্বকাপ হ্যাটট্রিকের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট এই রসিকতা করেন। তবে নিজের দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার। তিনি মনে করেন, মরক্কোই ছিল গ্রুপ পর্বে ব্রাজিলের সবচেয়ে কঠিন বাধা। লুলার মতে, ‘সবাই যখন ব্রাজিলকে নিয়ে সংশয় প্রকাশ করে, তখনই দলটা ঘুরে দাঁড়ায় এবং বিশ্বকাপ জেতে। দেখা যাক এবার কী হয়।’
আগামী ২০শে জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচেও নেইমারের অংশগ্রহণ নিয়ে রয়েছে শঙ্কা রয়েছে। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর, বুধবার দলের অনুশীলনে দেখা গেছে নেইমারকে। অনুশীলনের এক পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি দেখে হেসে নেইমার চিৎকার করে বলে ওঠেন-‘আমাকে কি মিস করেছ?’
