হোমনা উপজেলা সদর থেকে রামকৃষ্ণপুরগামী সড়কের দুলালপুর পর্যন্ত খানাখন্দ ও ছোট-বড় গর্তের কারণে চলাচল প্রায় বিপজ্জনক হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গেছে, বেরিয়ে এসেছে ইট-সুড়কি, আর কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে উপজেলার চান্দেরচর, আসাদপুর ও দুলালপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার মানুষ নিয়মিত যাতায়াত করেন। সড়কটি রাজধানী ঢাকাসহ স্কুল-কলেজ, হাসপাতাল, অফিস ও আদালতে পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথ। কিন্তু বর্তমান বেহাল অবস্থার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিশেষ করে বর্ষায় পানি জমে গর্তগুলো অদৃশ্য হয়ে যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। অটো, সিএনজি ও মোটরসাইকেল চালকরা জানাচ্ছেন, সড়কের কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং যাতায়াতে সময়ও বেড়ে যাচ্ছে। এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত উদ্যোগ নিলে জনদুর্ভোগ লাঘব হবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি আবারো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।
হোমনা-দুলালপুর সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
