ইরানের রুদ্ধদ্বার প্রস্তুতি, থাকবে না গণমাধ্যমকর্মীরাও

ইরানের রুদ্ধদ্বার প্রস্তুতি, থাকবে না গণমাধ্যমকর্মীরাও

ফন্ট সাইজ:

স্বদেশ যখন যুদ্ধবিধ্বস্ত, তখন ফুটবলারদের পায়ে স্বপ্ন বুনছে ইরান। আসন্ন বিশ্বকাপে অংশ নিতে আগামী শনিবার মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। তার আগে আজ তুরস্কের মাটিতে মালির বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে সম্পূর্ণ রুদ্ধদ্বার স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকতে পারবে না কোনো গণমাধ্যমকর্মীও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়। যুদ্ধকালীন সংকটের মধ্যেই তুরস্কের আনতালিয়ায় দুটি কন্ডিশনিং ক্যাম্পে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ইরান। সেখানে নাইজেরিয়ার কাছে হারলেও, কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেয় তারা। নিজেদের রণকৌশল গোপন রাখতে মালির বিপক্ষে শেষ ম্যাচটিতে কোনো দর্শক বা গণমাধ্যমকর্মী রাখছে না ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন বলে, ‘মালির বিপক্ষে ম্যাচটির গুরুত্ব এবং কোচের কৌশলগত উদ্দেশ্যের কথা বিবেচনা করে, আগামীকালের (আজকের) খেলাটি দর্শক ও সংবাদমাধ্যমের অনুপস্থিতিতে সম্পূর্ণ রুদ্ধদ্বার মাঠে অনুষ্ঠিত হবে।’

নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার কারণে নিজেদের বেস ক্যাম্প অ্যারিজোনার টুসান থেকে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করেছে ইরান। সেখান থেকেই তারা সীমান্ত পেরিয়ে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে যাতায়াত করবে। তাদের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে, মিশরের বিরুদ্ধে।

এদিকে ইরানি দলের ওপর কড়া নজর রাখছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংসদীয় কমিটির শুনানিতে স্পষ্ট করে বলেন, ‘ইরানি দলটির এ দেশে প্রবেশে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা কোনোভাবেই তাদের প্রতিনিধি দলে এমন কাউকে ঢুকতে দেব না, যাদের ক্রীড়াক্ষেত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং যারা আইআরজিসি (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস) বা এই জাতীয় সংস্থার সঙ্গে যুক্ত।’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহ-আয়োজক কানাডা উভয় দেশই আইআরজিসি-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচনা করে। এ কারণেই গত এপ্রিলে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডায় প্রবেশাধিকার পাননি ইরানি ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন