প্রতিশোধের মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কাল সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের নিজেদের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেই ক্ষতি ফেরত পাবেন বা সবকিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাহলে আমরা সেই প্রতিশোধের মাইন্ডসেট (মানসিকতা) থেকে বেরিয়ে এসে ভাবি যে, আমরা দেশের জন্য, সমাজের জন্য বা মানুষের জন্য কী করতে পারি? সফল হওয়া বা না হওয়া পরের ব্যাপার, অন্তত এই মানসিকতা নিয়ে কেন আমরা সামনের দিনে এগিয়ে যাব না?
তিনি বলেন, আজ সংবাদপত্র জগতের জন্য, বিশেষ করে বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে একসময় বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। আর আজ সেই দিনে আমরা এত সংখ্যক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলছি! তার মানে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে, সংবাদপত্রের কণ্ঠ যেভাবে চেপে ধরা হয়েছিল, সেটি অন্তত এই মুহূর্তে আর নেই। এটি প্রথম বিষয়।
সরকারপ্রধান বলেন, দ্বিতীয় বিষয় হলো, সংবাদপত্রের যে মাল্টি-পার্টি ডেমোক্রেসি (বহুদলীয় গণতন্ত্র), সেটিকে কেড়ে নিয়ে মাত্র ৪টি সংবাদপত্র বাদে সব বন্ধ করে দেয়া হয়েছিল। একই সময়ে আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে ‘বাকশাল’ নামে একটি দল গঠন করা হয়েছিল। পরে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করলেন এবং একই সঙ্গে সংবাদপত্রের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিলেন। পরবর্তী সময়ে কী হয়েছে বা কতটুকু হয়েছে, তা আপনাদের কথা থেকেই বেরিয়ে এসেছে।
