পোল্যান্ডে পুতিনের কট্টর সমালোচককে গুলি করে হত্যা

পোল্যান্ডে পুতিনের কট্টর সমালোচককে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত রুশ শিল্পীকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্ত করছে পোল্যান্ডের পুলিশ। দেশটির পুলিশ প্রসিকিউটররা জানিয়েছেন, সেমিয়ন স্ক্রেপেটস্কি হিসেবে পরিচিত রবার্ট কে নামের ওই শিল্পী সোমবার সকালে পোল্যান্ডের বিয়ালা পডলাস্কা শহরে গুলি করে হত্যা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরটি বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। ৪৪ বছর বয়সী ওই শিল্পীকে গাড়ি পার্কিং এলাকায় মাথা, বুক ও পিঠে মোট পাঁচটি গুলি করা হয়।

সেমিয়ন স্ক্রেপেটস্কি ছিল রবার্ট কুজোভকভের ছদ্মনাম। তিনি রাজনৈতিক ব্যঙ্গচিত্র আঁকার জন্য পরিচিত ছিলেন। তিনি তার কাজে অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো, চেচেন নেতা রামজান কাদিরভ এবং পুতিনকে নিয়ে সমালোচনামূলক ব্যঙ্গচিত্র প্রকাশ করতেন। লুবলিনের জেলা প্রসিকিউটর অফিসের মুখপাত্র মারচিন কোজাক জানান, অজ্ঞাত এক বন্দুকধারী প্রথমে ভিকটিমের কাছে গিয়ে দুটি গুলি চালায়।

পরে ভিকটিম মাটিতে পড়ে গেলে হামলাকারী আরও তিনটি গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রবার্ট কে’র মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন। নিহতের ময়নাতদন্ত বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির পুলিশ এ ঘটনায় শহরের বেলারুশ কনস্যুলেটের কাছে থেকে ৩৩ ও ৩৭ বছর বয়সী দুইজন নাগরিককে আটক করেছে। তবে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে প্রসিকিউশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন