মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন দায়ের করা এই রিটে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং ওই বালুর মূল্য নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার নিজস্ব ব্যয়ে ড্রেজিং, বালু উত্তোলন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে থাকে এবং পরে সরকার চুক্তি অনুযায়ী কাজের বিল পরিশোধ করে। কিন্তু এ ক্ষেত্রে বালুর মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করা হয়েছে, যার ফলে রাষ্ট্রীয় আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবেদনকারীর দাবি, এ ধরনের ব্যবস্থা জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।

রিটে সংশ্লিষ্ট অনুমোদন, বালুর মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্ব ক্ষতির সম্ভাবনা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগের বিচারিক তদন্তেরও আবেদন জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী সোহানা শারমিন বলেন, রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যেই জনস্বার্থে এই রিট আবেদন করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন