মুখ থুবড়ে পড়ে বিধ্বস্ত রাশিয়ার টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান

মুখ থুবড়ে পড়ে বিধ্বস্ত রাশিয়ার টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান

ফন্ট সাইজ:

রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় একটি টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবারের এ দুর্ঘটনায় বিমানটি দ্রুত নিচের দিকে মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়ে। ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিমানটির চার সদস্যের ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

রাশিয়ার নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টুপোলেভ টিইউ-২২এম৩ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় খাড়াভাবে নিচের দিকে ধেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে আঘাত হানলে আকাশে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, যদিও স্বাধীনভাবে যাচাই না হওয়া, আরও কিছু ভিডিওতে দেখা গেছে যে- বিমানটি আঙ্গারা নদীর কাছাকাছি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয় এবং সেখান থেকে বিশাল ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠে যায়। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর টিইউ-২২এম৩ বোমারু বিমানের চারজন ক্রুই নিরাপদে বেরিয়ে আসেন। তাদের জীবন বা স্বাস্থ্যের জন্য কোনো আশঙ্কা নেই। বিমানটি কোনো যুদ্ধাস্ত্র বহন করছিল না বলে ভূমিতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ বলেছেন, বিমানটি কামেঙ্কা গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ করছেন এবং চারজন ক্রু সদস্যকেই হাসপাতালে নেয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং প্রাণহানির আশঙ্কাও নেই। গভর্নর কোবজেভের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটিই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

টিইউ-২২এম৩ কী?
ন্যাটোর দেয়া সাংকেতিক নাম ‘ব্যাকফায়ার’-এ পরিচিত টিইউ-২২ একটি সোভিয়েত আমলের সুপারসনিক বোমারু বিমান। সিরিয়া ও ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়া এই বিমান ব্যবহার করেছে। টিইউ-২২এম৩ হচ্ছে এর আধুনিক সংস্করণ। এটি টিইউ-২২ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি আকাশ থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্রও বহন করতে পারে, যা রাশিয়ার অন্যতম উন্নত অস্ত্রব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন