সুপারস্টার মোহাম্মদ সালাহর ৩৪তম জন্মদিনের রাতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে দুর্দান্ত এক ফুটবল উপহার দিলো মিশর। ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ১-১ গোলে রুখে দিয়ে মাঠ ছেড়েছে ফারাওরা। তবে ম্যাচের প্রথমার্ধে লিড নিয়ে চালকের আসনে বসা মিশরের জন্য এই ড্র কিছুটা আক্ষেপের। ডিফেন্ডার মোহাম্মদ হ্যানির আত্মঘাতী গোলটিই শেষ পর্যন্ত বেলজিয়ামকে নিশ্চিত হারের লজ্জা থেকে বাঁচিয়ে স্বস্তির ১ পয়েন্ট এনে দিলো।
গ্রুপ ‘জি’-এর এই হাইভোল্টেজ ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানোর চেষ্টা করে বেলজিয়াম। তবে ম্যাচের ১৯তম মিনিটে সিয়াটলের গ্যালারিকে স্তব্ধ করে লিড নেয় মিশর। মাঝমাঠ থেকে দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহর চমৎকার এক অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান মিডফিল্ডার ইমাম আশুর। বেলজিয়ামের বিশ্বসেরা গোলকিপার থিবো কোর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়াতেই বুনো উল্লাসে মাতে মিশরীয় শিবির। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে কেভিন ডি ব্রুইনারা। অবশেষে ৬৬তম মিনিটে আসে বেলজিয়ামের সেই কাঙ্ক্ষিত গোল। তবে সেটি ছিল মিশরের উপহার। বেলজিয়ামের একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হ্যানি।
প্রথমে মনে হচ্ছিল গোলটি তার কয়েক সেকেন্ড আগে মাঠে নামা রোমেলু লুকাকুর পা থেকে এসেছে। তবে পরে জানা যায় সেটি মিশরের আত্মঘাতী।
১-১ সমতায় ফেরার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৬তম মিনিটে ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে তুলে নিয়ে আক্রমণ আরও শাণিত করে বেলজিয়াম। ৮৭তম মিনিটে লুকাকুর জোরালো হেড এবং একদম শেষ মুহূর্তে ব্র্যান্ডন মেশেলের শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে গেলে কপাল পোড়ে বেলজিয়ামের।
শেষ পর্যন্ত ফাউল আর হাইভোল্টেজ রোমাঞ্চের ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হওয়ায় ১ পয়েন্ট করেই ভাগ করে নিতে হলো দুদলকে।
