হালান্দকে ভয় পাচ্ছে না ইরাক

হালান্দকে ভয় পাচ্ছে না ইরাক

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে ইরাক ও নরওয়ে। ১৯৮৬ সালের পর ইরাক এবং ১৯৯৮ সালের পর প্রথমবার নরওয়ে ফুটবল মহাযজ্ঞে ফিরলো। আগামীকাল ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে ভোর ৪টায় মুখোমুখি হবে দু’দল। ‘আই’ গ্রুপের এ ম্যাচটি কেবল ৩ পয়েন্টের লড়াই নয়, দুই দেশের ফুটবল পুনর্জাগরণেরও গল্পও। ?এই গ্রুপে অন্য দুই পরাশক্তি ফ্রান্স ও সেনেগাল। তাই নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে প্রথম ম্যাচেই জয় চায় ইরাক-নরওয়ে। শক্তির বিচারে নরওয়ে ফেভারিট হলেও, চমক দেখাতে প্রস্তুত ইরাক। মাঠের লড়াইয়ের আগে ডাগআউট থেকে হুঙ্কার। নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন বলেন, ‘হালান্দ-ওডেগার্ড দুজনেই শতভাগ ফিট। দল পূর্ণ আত্মবিশ্বাসী।’ অন্যদিকে, শেষ দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটা ইরাক সবার আগে বিদায় নিতে চায় না। ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ডের আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা, ‘বিশ্বকে চমকে দেওয়ার সামর্থ্য আমাদের আছে। দল কোনো ভয় না পেয়ে নিজেদের সেরাটা খেলবে।’

ফিফা র‌্যাঙ্কিয়ে ৫৭ নম্বরে দল ইরাক। হালান্দের নরওয়ে ১৬ ধাপ এগিয়ে। ইতালিকে পেছনে ফেলে সরাসরি আমেরিকার টিকিট কাটা দলটি নিজেদের শেষ তিন প্রীতি ম্যাচে হারেনি। সুইজারল্যান্ড ও মরক্কোর সঙ্গে ড্র এবং সুইডেনের বিপক্ষে জয়ে বার্তা দিয়ে রেখেছেন হালান্দরা। প্রস্তুতি ম্যাচে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়ে সামর্থ্য দেখিয়েছে ইরাকও। আন্তর্জাতিক ম্যাচে ইরাক-নরওয়ের এটাই প্রথম সাক্ষাত।

যাদের ওপর নজর থাকবে
প্রথমবার বিশ্বকাপে নামছেন গোলমেশিন আর্লিং হালান্দ। বাছাইপর্বে ৮ ম্যাচে করেছেন ১৬ গোল। মাঝমাঠের প্রাণ ক্রিশ্চিয়ান ওডেগার্ড চোট কাটিয়ে পুরোপুরি ফিট। আক্রমণে গতি বাড়াবেন সোরলোথ ও নুসা। ইরাকের মধ্যমাঠের নিয়ন্ত্রণ থাকবে জিদান ইকবালের পায়ে। গোল করার মূল ভরসা আয়মেন হুসেইন। ৯১ ম্যাচে ৩২ গোল করেছেন এই স্ট্রাইকার। আর রক্ষণ সামলানোর গুরুদায়িত্ব অভিজ্ঞ অধিনায়ক জালাল হাসানের।

দলীয় ছক
নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন আক্রমণাত্মক ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন। ওডেগার্ডের পাসিং আর হালান্ডের নিখুঁত ফিনিশিং তাদের মূল অস্ত্র। বাছাইপর্বে ৩৭ গোল করা নরওয়ে শুরু থেকেই ইরাককে চাপে রাখবে। ?ইরাক কোচ গ্রাহাম আর্নল্ডের দল মূলত ‘লো-ব্লক’ বা নিচে নেমে রক্ষণ সামলাবে। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে ওঠার পরিকল্পনা তাদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন