আর্জেন্টিনার অনুশীলনে রহস্য

ফন্ট সাইজ:

আলজেরিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার রণকৌশলে রহস্য! অনুশীলনে দুটি আলাদা ফরমেশনে দলকে বাজিয়ে দেখেছেন কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগমুহূর্তে জোড়া সুখবর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। চোটের ধকল কাটিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দিয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস ও লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো।

কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে অনুশীলন সেশনটি আলবিসেলেস্তে শিবিরের জন্য স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে। গত মাসের শেষদিকে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পারেদেস। আজকের অনুশীলনে নিজের ফিটনেস পরখ করতে একটি ম্যাচেও অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে, হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়া তাগলিয়াফিকো জিমে ও মাঠের ফিজিওর অধীনে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন। তবে তালিয়াফিকোর আরেকটি চূড়ান্ত শারীরিক পরীক্ষা করা হবে। এদিকে পায়ের গোড়ালির চোট কাটিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও। যদিও শুরুর একাদশে সুযোগ পেতে তাকে কিছুটা অপেক্ষা করতে হতে পারে।

কানসাস সিটিতে নিজেদের শেষ মহড়ায় স্কালোনি মূলত দুটি ভিন্ন ফরমেশন বাজিয়ে দেখেছেন। প্রথমে ৪-৪-২ ফরমেশনে রক্ষণভাগে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্টিনেজকে খেলানো হয়। পরে ওতামেন্দির জায়গায় লেফট ব্যাক হিসেবে ফাকুন্দো মেদিনাকে পরখ করেন কোচ। প্রতিপক্ষের শক্তি ও কৌশল বিবেচনায় রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মলিনার থাকাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। লিসান্দ্রো মার্টিনেজকে লেফট ব্যাক হিসেবে খেলানোর সম্ভাবনাই বেশি। কারণ, তাগলিয়াফিকোকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি। অনুশীলনে স্কালোনির অন্য ফরমেশনটি ছিল ৩-৫-২। সেখানে জুলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গঞ্জালেসকে দুটি অ্যাটাকিং উইং ব্যাক হিসেবে খেলানো হয়। তবে ম্যাচের শুরু থেকেই এত বেশি আক্রমণাত্মক ফরমেশনে দল নামানোর সম্ভাবনা কম।

রক্ষণে ধোঁয়াশা থাকলেও মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনের ছবিটা প্রায় পরিষ্কার। মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পল। আক্রমণভাগে অবধারিতভাবেই অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন লাওতারো মার্টিনেজ। বাকি একটি জায়গার জন্য দিয়েগো সিমিওনেপুত্র জুলিয়ানোর চেয়ে থিয়াগো আলমাদাই কোচের প্রথম পছন্দ হতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন