৩০ বসন্ত পেরিয়েও ৫০০ গোল রোনালদোর!

৩০ বসন্ত পেরিয়েও ৫০০ গোল রোনালদোর!

ফন্ট সাইজ:

সপ্তাহ তিনেক আগেই ৪১ বছর বয়সে পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলাররা স্বাভাবিকভাবেই এতগুলো বসন্ত দেখার আগেই পেশাদার ক্যারিয়ারকে চিরবিদায় জানিয়ে দেন। তবে পর্তুগিজ মহাতারকা এখনও হাঁটছেন সেই চিরচেনা পথে। হাঁটছেন বললে ভুল হবে, দৌড়াচ্ছেন। সৌদি প্রো লীগে শনিবার আল-হাজমের সঙ্গে ৪-০ গোলের জয়ে শীর্ষস্থানে উঠে গেছে আল-নাসর। এদিন জোড়া গোল করেন রোনালদো। আর তাতেই অনবদ্য এক কীর্তি গড়েছেন তিনি। বয়স ৩০-এর ঘর পার হওয়ার পর ৫০০ গোল করে ফেলেছেন সিআরসেভেন!

এ সংখ্যার মাহাত্ম্য বোঝাতে একটি তথ্যই যথেষ্ট। পেশাদার ফুটবলের ইতিহাসে মোট ৫০০ গোল করতে পেরেছেন, এমন খেলোয়াড়ের সংখ্যা ৩০-এরও কম। অথচ পর্তুগিজ মহাতারকা এ কীর্তি গড়লেন শুধুমাত্র ৩০ বছর বয়সের পরের সময়েই! এদিন ঘরের মাঠে ত্রয়োদশ মিনিটেই আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। কিংসলে কোম্যানের পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। অফসাইডের শঙ্কা দেখা গেলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পর্যালোচনা করে গোল ঘোষণা করেন রেফারি। এ গোলেই অনন্য মাইলফলকটি স্পর্শ করেন তিনি। ৩০তম মিনিটে জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান কোম্যান। বিরতির বাঁশি বাজার আগে রোনালদোর আরেকটি গোল বাতিল হয় অফসাইডের কারণে।
মাঠে ফিরে ৭৭রতম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলের অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এর মিনিট দুয়েকের মধ্যেই নিজের দ্বিতীয় এবং দলের শেষ গোলটি করেন রোনালদো। এটিও ভিএআরে পর্যালোচনা শেষে গোল ঘোষণা করে রেফারি।
২২ ম্যাচে ১৮ জয়, ১ হার ও ৩ ড্রয়ে ৫৫ পয়েন্টে চূড়ায় জায়গা করেছে আল নাসর। সমান ম্যাচে ১৬ জয় ও ৬ হারে এক পয়েন্ট কমে রোনালদোদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে করিম বেঞ্জেমার আল হিলাল। তাদের সুযোগ ছিল আল নাসরকে ছাড়িয়ে যাওয়ার। তবে একই দিন আল-ইত্তিহাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল হিলাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন