শেষ মুহূর্তের গোলে ১৫ বছর পর রিয়ালকে হারালো ওসাসুনা

শেষ মুহূর্তের গোলে ১৫ বছর পর রিয়ালকে হারালো ওসাসুনা

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে প্রথমে এগিয়ে যায় ওসাসুনাই। অনেকক্ষণ পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে অল হোয়াইটদের বিপক্ষে ১৫ বছর পর জয় তুলে নেয় ওসাসুনা। সেই সঙ্গে লীগে টানা আট ম্যাচ পর জয়রথ থামলো রিয়ালের।

এদিনের হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে মাদ্রিদের ক্লাবটি। বর্তমানে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টে দুইয়ে বার্সেলোনা। আজ রাতে নিজেদের ম্যাচে জয় তুলে নিলেই ফের শীর্ষে উঠে যাবে কাতালানরা। ওসাসুনার মাঠে আধিপত্য বিস্তার করলেও, চেনা ছন্দে দেখা যায়নি রিয়ালকে।

ম্যাচজুড়ে ৮১ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সফরকারীরা ১৫টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে স্রেফ ৫টি। অন্যদিকে, ১৩টির মধ্যে ২টি শট লক্ষ্যে রেখেই বাজিমাত ওসাসুনার। দলের বেলজিয়ান গোলকিপার থিবো কর্তোয়ার ভুলে মূলত পিছিয়ে পড়ে জায়ান্টরা। স্বাগতিকদের একটি আক্রমণ ঠেকাতে এগিয়ে যান তিনি। তবে বলে নাগাল না পেয়ে উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পর্যালোচনা করে পেনাল্টির সংকেত দেন রেফারি। ৩৮তম মিনিটে স্পটকিক থেকে ওসাসুনাকে এগিয়ে নেন পেনাল্টি জেতা ক্রোয়াট ফরোয়ার্ড নিজেই। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল।

মাঠে ফিরে রিয়ালের আর্দা গুলেরের দারুণ এক শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৭০তম মিনিটে জালেই বল পাঠান কিলিয়ান এমবাপ্পে। তবে অফসাইডের কারণে বাতিল হয় ফরাসি তারকার গোলটি। এর মিনিট তিনেকের মধ্যেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। বাঁ প্রান্ত থেকে ফেদে ভালভার্দের পাস পেয়ে লক্ষ্যভেদ করেন ভিনি।

তবে শেষ রক্ষা হয়নি প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের। ম্যাচের ৯০তম মিনিটে গোল করে এস্তাদিও এল সাদারকে উল্লাসে ভাসান রাউল গার্সিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন