বিশ্বকাপে ঝড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

বিশ্বকাপে ঝড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

ফন্ট সাইজ:

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের দারুণ এক জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল দল। এদিন ঝড়ো ফিফটিতে দলের জয়ে বড় অবদান রাখেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। মাত্র ৩৩ বলে ৫০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। জয়িতা বলেন, ‘আমরা যেহেতু আগে বোলিং করেছি, তাই যখন দেখলাম লক্ষ্য ১৪০ রান, তখন মনে হয়েছে আমাদের খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। তাই আমি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছি। ওপেনার হিসেবে পাওয়ারপ্লের সর্বোচ্চ ব্যবহার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ টাইগ্রেস ওপেনার বলেন, ‘আমার লক্ষ্য ছিল ওই সময়টাতে যত বেশি সম্ভব রান করা। কীভাবে পাওয়ারপ্লেকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়, সেদিকেই মনোযোগ দিয়েছিলাম। এরপর সেট হয়ে গেলে বড় একটি ইনিংস খেলার চেষ্টা করতে চেয়েছি।’

ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করেও সন্তুষ্ট নন এই ব্যাটার। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হয়তো আমি পুরোপুরি পূরণ করতে পারিনি, কারণ ফিফটি করার পরপরই আউট হয়ে গেছি। তবে তার আগে পর্যন্ত বড় ইনিংস খেলার চেষ্টা চালিয়ে গেছি এবং সেই অ্যাপ্রোচেই ব্যাট করেছি।’ জুয়াইরিয়া আরও বলেন, ‘(নিগার সুলতানা) জ্যোতি আপু ক্রিজে এসে আউট হয়ে গেলে একটু চাপ অনুভব করেছিলাম, কারণ তিনি আমাদের অন্যতম সেরা ব্যাটার। তবে আমাদের বাকি ব্যাটিং লাইনআপের ওপর আমাদের অনেক বিশ্বাস ছিল। আমি নিশ্চিত ছিলাম যে তাদের মধ্যে কেউ না কেউ দলকে জয়ের পথে নিয়ে যাবে।’ নিজের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে বাড়তি কিছু করার তাগাদা ছিল কি না জয়িতার, ‘এটি ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং আমারও প্রথম বিশ্বকাপ ম্যাচ।

তাই আমার লক্ষ্য ছিল বিশেষ কিছু করা এবং দলের জন্য অবদান রাখা। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং খুশি যে সামান্য হলেও দলের কাজে আসতে পেরেছি।’ বড় দলের বিপক্ষে ভালো করার টোটকাও জানালেন এই ওপেনার। তিনি বলেন, ‘সামনে আমাদের কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ আছে। আমার প্রধান দায়িত্ব পাওয়ারপ্লের ভালো ব্যবহার করা, তাই আমি সেটাই করে যেতে চাই। বড় দলগুলোর বিপক্ষেও পাওয়ারপ্লে কাজে লাগিয়ে দলের জন্য যেন বড় ইনিংস খেলতে পারি।’ আগামীকাল নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন