আস্থার সংকটে বিপিএল

আস্থার সংকটে বিপিএল

ফন্ট সাইজ:

বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। বিশ্ব ক্রিকেটার্স এসোসিয়েশনের (ডব্লিউসিএ) সর্বশেষ রেটিং অনুযায়ী, বিশ্বের শীর্ষ দশ টি-টোয়েন্টি লীগের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে বিপিএল। ১০০-এর স্কেলে এই টুর্নামেন্টের প্রাপ্ত নম্বর মাত্র ২২ দশমিক ৬। ডব্লিউসিএ-এর মূল্যায়ন অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’, যাদের স্কোর ৭৫ দশমিক ২। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এসএ২০ পেয়েছে ৬৮ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা আইপিএল পেয়েছে ৬২ দশমিক ৬ পয়েন্ট। সেখানে মাত্র ২২ দশমিক ৬ স্কোর নিয়ে তালিকার সবার নিচে বিপিএল।

এই করুণ অবস্থার জন্য প্রধানত অব্যবস্থাপনা এবং ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত অনিশ্চয়তাকে দায়ী করেছেন ডব্লিউসিএ সভাপতি লিসা স্টালেকার। তিনি জানান, ‘একজন পেশাদার ক্রিকেটারের মূল পাওনা হলো তার পারিশ্রমিক, যা সময়মতো পাওয়া তাদের অধিকার। অথচ বিপিএলের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের নিশ্চয়তা বরাবরই অনুপস্থিত।’ লিসা স্টালেকার বলেন, ‘একজন ক্রিকেটার মাঠের দায়িত্ব পালন করার পরও যদি পারিশ্রমিক না পায়, তবে সেটি টুর্নামেন্টের পেশাদারিত্বের বড় অভাব। বিপিএলে একটি নির্দিষ্ট কাঠামো বা রূপরেখার অভাব স্পষ্ট, যা বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে।’

বিপিএলের সামপ্রতিক আসরগুলোতে পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বড় অঙ্কের চুক্তি করেও অনেক ক্রিকেটার মাসের পর মাস অর্থ বুঝে পাচ্ছেন না। বিগত বছরগুলোতে রাজশাহী, চিটাগং এবং সিলেট টাইটানসের মতো দলগুলোর বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ উঠেছে। যা ক্রিকেটারদের অনুশীলন বয়কট পর্যন্ত গড়িয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন