প্রধানমন্ত্রীর প্রতীক্ষায় প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার। কাল বুধবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম যাচ্ছেন মৌলভীবাজার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করে তাকে বরণ করতে গেল ক’দিন থেকে জেলা জুড়ে উৎসবের আমেজ বইছে। স্থান সংকুলান না হওয়ার কারণে রাজনগর ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে জনসভার স্থান পরিবর্তনের পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দ্রুতগতিতে চলছে মাঠ, গ্রেইট, জনসভাস্থল ও মঞ্চ প্রস্তুতির কাজ। অল্প সময়ের মধ্যে চূড়ান্ত প্রস্তুতির জন্য রাতদিন কাজে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
জনসভাস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কের আশপাশ এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সড়কের দু’পাশে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করছেন দলীয় নেতাকর্মীরা। জেলা-উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির দলীয় নেতাকর্মীদের তত্ত্বাবধানে চলছে নিজ নিজ এলাকায় মাইকিং। প্রধানমন্ত্রীর আগমনে এ জেলার বাসিন্দারা যেমন আনন্দিত। তেমনি দীর্ঘ প্রায় দেড় যুগ থেকে উন্নয়ন বঞ্চিত হওয়ায় থাকছে কাঙ্ক্ষিত নানা উন্নয়ন প্রত্যাশার জোরালো দাবি। এ জেলার কৃতিসন্তান সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম সাইফুর রহমান এর করা উন্নয়নের পর দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময়র পেরিয়ে গেলেও জেলাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নের নেই কোনো বাস্তবায়ন।
দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চনার শিকার জেলার কোথাও নেই দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া। বুধবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল খেলার মাঠে হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান। ইতিমধ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, মাঠ পরিদর্শনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। চলছে ব্যাপক প্রস্তুতি। জানা যায় ওইদিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১৫২ জন ও শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫৬ জনসহ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ৩০৮ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিতরণ করবেন।
প্রথমে দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভা শেষে ২.৩০ টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগদান করে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন ও বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি সদর উপজেলার গিয়াসনগর নিতেশ্বর এলাকায় প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই রিসোর্টে পৌঁছানোর পর ৪.৪৫ টার দিকে সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর কাছে জেলাবাসীর দাবি ও প্রত্যাশা এ জেলার সড়ক ও রেলপথসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শমসেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, যানজট নিরসনে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া বাইপাস সড়কসহ নানা উন্নয়নের জোর দাবি তাদের।
এদিকে মৌলভীবাজার প্রেস ক্লাবে মৌলভীবাজারের সামাজিক সংগঠন বোরহান উদ্দিন (র:) ইসলামিক সোসাইটির উদ্যোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জেলাবাসীর পক্ষে ৫ দফা উন্নয়ন দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব দাবিগুলো তুলে ধরেন তা হলো- মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ স্থাপন, জেলার ছোট বড় হাওরগুলো সুরক্ষা, শমসেরনগর বিমানবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল বাইপাসসড়ক নির্মাণ, ঢাকা-সিলেট রেলের ডাবল লাইন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যাবেন। সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজার যাবেন।
