সারা দেশে চলতি বছরের মে মাসে ১৮ হাজার ১৪৯টি অপরাধের মামলা হয়েছে। খুন, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। এরমধ্যে খুনের ঘটনা ঘটেছে ৩১০টি। এই এক মাসে শুধু ঢাকায় খুন হয়েছে ১৬টি। অপরাধীদের ধরতে সারা দেশে চলমান রয়েছে পুলিশের বিশেষ অভিযান। নিয়মিত ও চলমান বিশেষ অভিযানে এসব অপরাধী প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে। এ ছাড়া অভিযানে নেমে হামলা ও আক্রান্তের শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, মে মাসে সারা দেশে মামলা হয়েছে ১৮ হাজার ১৪৯টি। এর মধ্যে খুনের ঘটনায় মামলা হয় ৩১০টি। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১ হাজার ৯৫২টি, অপহরণের ঘটনায় মামলা ৯০টি। ডাকাতির ঘটনায় মামলা ১৬৭টি, চুরির মামলা ৮০৪টি, অনন্য মামলা ৬ হাজার ৯৫১টি। এবং অভিযান চলাকালে ৫৫টি ঘটনায় পুলিশ আক্রান্তের ঘটনাও ঘটেছে। মোট অপরাধের মামলা হয়েছে ১৮ হাজার ১৪৯টি। পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা রেঞ্জে অপরাধের মামলা হয় ৩ হাজার ৫৭৭টি, ময়মনসিংহ রেঞ্জে ১ হাজার ৫১টি, চট্টগ্রাম রেঞ্জে ৩ হাজার ৪টি, সিলেট রেঞ্জে ৮৫৯টি, খুলনা রেঞ্জে ১ হাজার ৮০১টি, বরিশাল রেঞ্জে ১ হাজার ১৭৫টি, রাজশাহী রেঞ্জে ১ হাজার ৭৫৪টি এবং রংপুর রেঞ্জে ১ হাজার ৮২২টি মামলা হয়। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে বিভিন্ন অপরাধে মামলা হয় ১ হাজার ৩৬৫টি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৪৬৯টি, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ১৪৯টি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ১৮১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ১৯১টি, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ১৮৩টি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ৩৬১টি মামলা হয়েছে।
এ ছাড়া চলতি বছরের প্রথম চার মাসে বিভিন্ন অপরাধে মামলা হয় ৫৯ হাজার ১৭০টি। জানুয়ারি মাসে মামলা হয় ১৪ হাজার ৫৮টি, ফেব্রুয়ারিতে ১১ হাজার ৭৭৫টি, মার্চে ১৬ হাজার ১৫৭টি, এপ্রিলে ১৭ হাজার ১৮০টি মামলা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা বলছেন অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার, অভিযানের পাশাপাশি অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
