চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ তারকা সবসময়ই আর্জেন্টিনার সমর্থক। তার পুত্র শুদ্ধও একই দলের সমর্থক। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ নিয়ে টানটান উত্তেজনায় রয়েছেন চঞ্চল। তিনি বলেন, আমি বরাবরই আর্জেন্টিনার বড় ভক্ত।
আমার পুত্রও তাই। দু’জন মিলে খেলাটা খুব উপভোগ করি। চঞ্চল বলেন, এবারো খেলা আসার আগে থেকেই উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। আমাদের দেশেও এই হাওয়া চলছে। আমরাও বাদ যাইনি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পোস্ট ও পাল্টা পোস্ট চোখে পড়ছে। খুবই ভালো লাগছে। তবে এগুলো মজা পর্যন্তই সীমাবদ্ধ থাকুক। তবে এসব নিয়ে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়, সেটা যেন না হয়।
মজার মধ্যেই থাকি আমরা। উপভোগ করি ফুটবল। আমি চাইবো আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হোক। গতবারের চ্যাম্পিয়ন তারা। এবারো তাদের টিম খুব ব্যালেন্সড। মেসি যদি তার জাদু দেখাতে পারে তবে আর্জেন্টিনাকে আটকে রাখা সম্ভব না। পাশাপাশি বাকি সবার সাপোর্টও লাগবে শতভাগ। আমি মনে করি আর্জেন্টিনা এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার। খুব চাই, তারাই চ্যাম্পিয়ন হোক।
