মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণে ভাংচুর ও লুটপাট করা হয় অন্তত ১২টি বসতঘর। সোমবার সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সাথে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
