যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছালেও, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তির লেবানন সংক্রান্ত ধারা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তির ঘোষণা দেয়ার পর এ তথ্য প্রকাশিত হয় ইসরাইলি মিডিয়ায়। খবরে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালালে মধ্যপ্রাচ্যে সংঘাতের সূত্রপাত হয়। পরে ইরান-সমর্থিত লেবাননভিত্তিক যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রথম দিনের অভিযানে তৎকালীন ইরানের শীর্ষ নেতৃত্বের লক্ষ্যবস্তুতে হামলা এবং পরবর্তী পরিস্থিতির জেরে লেবাননও সংঘাতের অংশ হয়ে ওঠে। এ খবর দিয়ে ইসরাইলি গণমাধ্যম মারিভ-এর ওয়েবসাইটে বলা হয়, নেতানিয়াহু রোববারের এক মন্ত্রিসভা বৈঠক থেকে বের হয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন।
ওই সময় ট্রাম্প তাকে জানিয়ে দেন যে, সুইজারল্যান্ডে শুক্রবার চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। ফোনালাপে ট্রাম্পকে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার লেবানন-সংক্রান্ত ধারার সঙ্গে ইসরাইল নিজেকে বাধ্য মনে করে না। তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবানন থেকে প্রত্যাহার করবে না ইসরাইল। বর্তমানে যেসব অবস্থানে রয়েছে সেখানেই থাকবে তারা। হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে অভিযান চালিয়ে যাবে। এর মধ্যে কথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং যেকোনো হামলার জবাব দেয়া অন্তর্ভুক্ত থাকবে।
ওই বৈঠকে তারা একই দিনে বৈরুতে ইসরাইলি হামলা নিয়েও আলোচনা করেন, যা চুক্তি ঘোষণার আগেই উত্তেজনা বাড়িয়ে দেয় বলে প্রতিবেদনে বলা হয়। যদিও ট্রাম্প ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকার স্বীকৃত ছিল, তবুও হিজবুল্লাহ ও ইসরাইল দুই পক্ষই একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মুখে পড়ে। ইরানও জানিয়েছিল, লেবাননে সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া কোনো সম্ভাব্য সমঝোতা তারা মেনে নেবে না। এদিকে ট্রাম্প লেবাননে ইসরাইলি হামলা নিয়ে একাধিকবার নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তিনি বৈরুতে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে কঠোর ভাষায় প্রতিক্রিয়া দেন।
চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা খুবই খারাপ ছিল। আমি বিশ্বাসই করতে পারিনি। চুক্তি স্বাক্ষরের মাত্র এক ঘণ্টা আগে কেন বেনি (নেতানিয়াহু) এই হামলা করল? আমি খুব রেগে গিয়েছিলাম। আমি তাকে জানিয়েছি। তার কোনো বিচারবুদ্ধি নেই। আমি তাকে তা জানিয়েছি।
