উগ্র-ডানপন্থি অ্যাক্টিভিস্ট টমি রবিনসনকে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় হিথ্রো বিমানবন্দর থেকে অল্প সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বৃটিশ কর্তৃপক্ষ। রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। বৃটিশ এই ইসলাম-বিদ্বেষী অ্যাক্টিভিস্ট জানান, শনিবার সন্ধ্যায় কাউন্টার-টেররিজম অ্যান্ড বর্ডার সিকিউরিটি অ্যাক্টের অধীনে তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তার ফোন জব্দ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রবিনসন বলেছে, পুলিশ আমার ফোন জব্দ করেছে। দয়া করে আমার আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠনে সাহায্য করুন। উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রতিক বর্ণবাদী ও অভিবাসী-বিরোধী দাঙ্গা শুরু হলে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপকহারে উস্কানিমুলক পোস্ট করেন।
সংঘাতের সময় দাঙ্গাকারীরা জাতিগত সংখ্যালঘু বা বিদেশি বাসিন্দাদের মালিকানাধীন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করে। বৃটেনের সংশ্লিষ্ট অঞ্চলের মন্ত্রী একে ‘বর্ণবাদী গুণ্ডামি’ বলে আখ্যা দেন। স্থানীয় রাজনীতিবিদদের মতে, ইন্টারনেটে উগ্র-ডানপন্থী উস্কানিদাতারা এই সহিংসতা ছড়াতে এবং তা সমন্বয় করতে সহায়তা করেছে। নাম উল্লেখ না করে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তুরস্ক হয়ে রাশিয়া থেকে বৃটেনে ফেরার পর শনিবার হিথ্রো বিমানবন্দরে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে থামানো হয়। কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার যোগাযোগ বিষয়ক ডিভাইসগুলো জব্দ করা হয়। এরপর তাকে ছেড়ে দেয়া হয়।
