প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয়-রাশমিকা

প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয়-রাশমিকা

ফন্ট সাইজ:

দক্ষিণী সিনেমার তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন। তেলেঙ্গানার সরকারি স্কুলের সুবিধাবঞ্চিত ১৮০ শিক্ষার্থীর সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন এই দম্পতি। তাদের সেই মহৎ উদ্যোগ এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উদয়পুরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের পিঁড়িতে বসেন বিজয় ও রাশমিকা। বিয়ের ঠিক পরপরই তারা ঘোষণা দিয়েছিলেন, দেবরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর।

প্রতিশ্রুতি অনুযায়ী, তেলেঙ্গানার আচামপেটের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ১৮০ পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীর সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেবরাকোন্ডা এই প্রজেক্টের একটি বড় আপডেট শেয়ার করেছেন। নিজের বাবার জন্মস্থান ‘থুম্মানপেট’ গ্রামে যাওয়ার পথে এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টে বিজয় লেখেন, রাশমিকা ও আমি একটি ছোট্ট স্বপ্নের কথা জানিয়েছিলাম। তেলেঙ্গানার আচামপেটের নবম ও দশম শ্রেণির পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করার সে স্বপ্নটিই এখন সত্যি হতে চলেছে। স্বামীর এই পোস্টে ভালোবাসার ইমোজি দিয়েছেন রাশমিকা।

মূলত দরিদ্র পরিবারগুলোর ওপর থেকে আর্থিক চাপ কমিয়ে আনা এবং অর্থনৈতিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে বন্ধ না হয় সে লক্ষ্যেই কাজ করছে এই ফাউন্ডেশন। বিয়ে ও সামাজিক কর্মকাণ্ড শেষে এই তারকা জুটি শিগগির বড় পর্দায় একসঙ্গে ফিরছেন। ১৮৫০ এর দশকের কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পিরিয়ড ড্রামা ‘রণবালী’-তে তারা জুটি বাঁধছেন। এটি হতে যাচ্ছে তাদের একসঙ্গে তৃতীয় সিনেমা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন