চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত লিমন বড়ুয়া ওরফে ত্যাজপ্রিয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে লিমন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পটিয়া রেলস্টেশন সংলগ্ন একটি ডোবা থেকে নিহত এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশের একটি খালের পাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব কন্যারা গ্রামে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে (১৬) নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আরেক ছেলে পিয়াস বড়ুয়া (৫) আহত হয়। পরে রাতে এই ঘটনায় মামলা দায়ের করা হয়।
