লিওনেল মেসি কি মেজর লীগ সকারের (এমএলএস) উদ্বোধনী ম্যাচে থাকছেন? গত কয়েকদিন ধরে ফুটবল বিশ্বে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের উত্তর অবশেষে মিললো। ইন্টার মায়ামির হেড কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেন, লস অ্যানজেলেস এফসির বিপক্ষে আজ মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত মেসি। দু’দলের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে আটটায়। গত শুক্রবার সংবাদ সম্মেলনে মায়ামি কোচ মাশ্চেরানো মেসির ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা দেন। তিনি বলেন,‘মেসি ভালো আছে। সে পুরো সপ্তাহ দলের বাকি খেলোয়াড়দের মতো অনুশীলন করেছে। অনুশীলনে বেশ ভালো করছে এবং তার মধ্যে ইতিবাচক মানসিকতা কাজ করছে। তাই দলের বাকিদের মতোই সে বেশ ভালোভাবে প্রস্তুত হয়েই লস অ্যানজেলেসে যাচ্ছে।’ গত ৭ই ফেব্রুয়ারি প্রাক-মৌসুম ম্যাচে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর থেকেই ভক্তদের মনে শঙ্কা দানা বাধে। এই শঙ্কায় মায়ামি তাদের প্রাক-মৌসুম সূচিতেও কিছুটা পরিবর্তন আনে। তবে শেষ পর্যন্ত মাশ্চেরানো নিশ্চিত করলেন যে, ক্যালিফোর্নিয়া সফরে যাওয়া দলের সব খেলোয়াড়কেই ম্যাচের জন্য পাচ্ছেন। প্রতিপক্ষ লস অ্যানজেলেস এফসিকে নিয়ে বেশ সতর্ক মায়ামি বস। দুই দলের শক্তিমত্তা বিশ্লেষণ করে মাশ্চেরানো বলেন, ‘মাঠের খেলোয়াড়দের মান এবং লীগে তাদের অবস্থানের কথা বিবেচনা করলে কাগজে-কলমে এই দুটি দলই শিরোপার দাবিদার।’
মাশ্চেরানো তার পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আপনি সবসময় একটি আদর্শ ম্যাচের কল্পনা করেন। আমাদের জন্য আদর্শ ম্যাচ হবে গেম কন্ট্রোল করা এবং দীর্ঘ সময় বল পজিশন ধরে রাখা।
লস অ্যানজেলেসকে দ্রুত আক্রমণে ওঠার সুযোগ দেওয়া যাবে না, কারণ তারা খুব দ্রুত ফরোয়ার্ডে পাস দেয়।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মায়ামি এবার শুধু এমএলএস নয়, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ এবং লীগস কাপেও আধিপত্য ধরে রাখতে মুখিয়ে আছে। আর সেই যাত্রার শুরুতেই দলের সেরা তারকাকে ফিরে পাওয়া মায়ামির জন্য বড় বুস্টার হিসেবে কাজ করবে।
শুরু থেকেই মেসিকে পাচ্ছে মায়ামি
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
