অযোধ্যায় রামমন্দিরে ভক্তদের দানের অর্থ ও সোনাদানা চুরির অভিযোগে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

ফন্ট সাইজ:

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জমিতে গড়ে ওঠা তাকলাগানো রাম মন্দির নিয়ে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি রুপি চুরি গেছে।  এহেন কমর্কাণ্ডে শোরগোল পড়ে গেছে। প্রাথমিকভাবে অর্থ চুরির অভিযোগ নাকচ করে দিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। দিল্লি থেকে অযোধ্যায় এসে এসবিআই ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মন্দির ট্রাস্টের প্রধান নৃপেন্দ্র মিশ্র ও সাধারণ সম্পাদক চম্পত রাই। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে ট্রাস্টও। এবং ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্প্রতি দাবি করেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি রুপি গায়েব হয়ে গেছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউই সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না।’ পাশাপাশি এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে হস্তক্ষেপ দাবি করেন অখিলেশ।

ইতিমধ্যেই অর্থ চুরি নিয়ে সিবিআই তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মোহিত অশোক নামে এক আইনজীবী। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (ক্যাগ) দিয়ে ট্রাস্টের অ্যাকাউন্টের স্পেশাল ফরেনসিক অডিট করানোরও আর্জি জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট উল্লেখ করে তিনি জানান, দানের অর্থ নয়ছয় হয়েছে। ট্রাস্টের চার কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এক অভিযুক্তের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু তার পরেও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাস্টের মুখপাত্র গোপাল রাও এবং নিরাপত্তা কর্মকর্তা বলরামচারী দুবে।
তবে অখিলেশ যাদবের অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। রাম মন্দিরের প্রণামী বাক্স থেকে অর্থ চুরির ঘটনায় ৩ সদস্যের সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, ওই ঘটনায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়। ট্রাস্টের চিঠির পরই ৩ সদস্যের উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল গড়েছে যোগী আদিত্যনাথের সরকার। ওই সিটে রয়েছেন আইএএস বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং উত্তরপ্রদেশের অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন