মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লো ব্রাজিল। তাতে করে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক কীর্তি অক্ষুণ্ণ রাখলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গত ৯২ বছর ধরে অপরাজিত থাকার এক অবিশ্বাস্য রেকর্ড ধরে রাখলো সেলেসাওরা।
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো (২৩টি) আসরে অংশ নিয়েছে ব্রাজিল। তবে এই ফুটবল পরাশক্তিদের উদ্বোধনী ম্যাচের অপরাজেয় গল্পটা শুরু হয় একরাশ হতাশা দিয়ে। ১৯৩০ সালের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে যুগোস্লাভিয়ার কাছে হেরে যায় তারা। এর চার বছর পর, ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারে ব্রাজিল। নকআউট ফরম্যাটের সেই আসরে ওটিই ছিল ব্রাজিলের একমাত্র ম্যাচ।
তবে ১৯৩৪ সালের সেই হারের পর থেকেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি যেন সেলেসাওদের জন্য এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে। আজ পর্যন্ত গত ৯২ বছর ধরে তারা অপরাজিত। এর মাঝে কেবল ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সঙ্গে ০-০ এবং ১৯৭৮ সালে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে তারা। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় শিকার মেক্সিকো। মেক্সিকানদের বিপক্ষে তিনবারের দেখায় সাকুল্যে ১১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কো যখন ২১তম মিনিটে গোল করে ব্রাজিলকে স্তব্ধ করে দেয়, তখন এই শতবর্ষী রেকর্ডটি বড় হুমকিতে পড়ে যায়। তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরি গোল এবং শেষ মুহূর্তে গোলকিপার অ্যালিসনের বেকারের দুর্দান্ত জোড়া সেভ ব্রাজিলের এই ৯২ বছরের অপরাজেয় ঐতিহ্যকে ভাঙতে দেয়নি। ড্রয়ের মধ্য দিয়ে হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার নিজেদের ঐতিহাসিক কীর্তি আরও এক ধাপ বাড়িয়ে নিলো সেলেসাওরা।
