বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বর্তমানে এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি। সংস্থাটিকে এর মধ্যে আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি। এ বিষয়ে জানিয়েছেন চপল নিজেই। অলিম্পিকের অন্যতম ডিসিপ্লিন হলো আরচ্যারি। টানা দু’বার অলিম্পিকে সরাসরি আরচারি ডিসিপ্লিনে খেলেছে বাংলাদেশ। কাতার সফর শেষে অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানির কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা জানান চপল। তিনি বলেন, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নবনির্বাচিত সভাপতি উজবেকিস্তানের কংগ্রেসে এশিয়ান আরচারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এরপর আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানান। সমপ্রতি কাতার সফরে তিনি এশিয়ান আরচারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দিয়েছেন। যা এশিয়ান আরচারির প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’ বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। ক্রীড়া খাতে অন্যান্য দেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার ঘটনা নতুন নয়। এর আগে একাধিকবার কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় দলের অনুশীলনের ব্যবস্থা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অন্য ফেডারেশনগুলোরও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কাতারের থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগ রয়েছে। তবে সবাই সেই সুযোগ সেভাবে কাজে লাগাতে পারে না।
এতদিন এশিয়ান আরচারির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন কোরিয়ানদের অধীনে। এশিয়ান আরচারির কার্যালয় ছিল কোরিয়াতে। কোরিয়ান প্রার্থীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের চপল। এবং সংস্থাটির সাধারণ সম্পাদক মনোনীত হয় কাতার থেকে। তাই কাতারের দোহা ও ঢাকা উভয় স্থানেই এশিয়ান আরচারি কার্যালয় থাকছে। কাতার অলিম্পিকের সভাপতি শেখ জোয়াদ এশিয়ান আরচারি ফেডারেশনকে আর্থিক সহায়তার পাশাপাশি টেকনিক্যালও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও বাংলাদেশ আরচারিতে উন্নত। ভুটানের জাতীয় খেলা হলেও, প্রতিদ্বন্দ্বিতায় তাড়া বাংলাদেশ-ভারতের চেয়ে পিছিয়ে। এশিয়ায় পিছিয়ে পড়া ও সম্ভাবনাময় দেশগুলোর দিকে নজর দিচ্ছেন সভাপতি চপল। তিনি বলেন, ‘কোরিয়া, ভারতসহ এশিয়ার কয়েকটি দেশ বিশ্ব পর্যায়ে পদকের লড়াই করে। আমাদের লক্ষ্য থাকবে আরচারিতে উন্নয়নশীল দেশগুলো যেন সামনে এশিয়ান পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সমপ্রতি শ্রীলঙ্কায় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আরচারির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং লঙ্কান আরচারির পাশে থাকবে এশিয়ান আরচারি।’
কাতার অলিম্পিক থেকে কোটি টাকা অনুদান পেলো এশিয়ান আরচারি
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
