ইরানের আটককৃত তহবিল ছাড় দিতে রাজি হয়েছেন ট্রাম্প
আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই

ইরানের আটককৃত তহবিল ছাড় দিতে রাজি হয়েছেন ট্রাম্প

ফন্ট সাইজ:

ইরানের ওপরে থাকা অবরুদ্ধ বা ফ্রিজ করা তহবিলের একটি অংশ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই। যদিও ট্রাম্প প্রশাসন ইতিপূর্বেই এই ধরনের কোনো চুক্তির কথা সরাসরি অস্বীকার করেছে। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, রেজাই এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের অবরুদ্ধ তহবিলের একটি অংশ ছেড়ে দিতে সম্মত হয়েছেন, তবে তিনি এটি প্রকাশ্যে ঘোষণা করতে রাজি নন।

তবে এর বিপরীতে প্রস্তাবিত এই চুক্তিতে আসলে কী রয়েছে, তা নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এগুলোকে ‘সম্ভাব্য চুক্তি নিয়ে ভুয়া তথ্য’ বলে অভিহিত করেন এবং সাফ জানিয়ে দেন, ইরান যদি তার ‘নূন্যতম বাধ্যবাধকতাগুলো পূরণ না করে’, তবে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা তেহরানের কাছে পৌঁছাবে না।

এ খবর দিয়েছে সিএনএন আনলাইন। ফের উত্তেজনা: উভয় পক্ষই যখন একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালির কাছাকাছি বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক সদরদপ্তর (সেন্টকম) । হোয়াইট হাউস যখন তেহরান এবং ইসরাইলের সম্মতি আদায়ের ব্যাপারে প্রবল আশাবাদ ব্যক্ত করছিল, ঠিক সেই মুহূর্তেই এই ড্রোন ভূপাতিত করার ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে। কি হতে পারে সামনে? মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করলে পরবর্তী ৬০ দিনের জন্য আলোচনা শুরু হবে। এই সময়ের মধ্যে চুক্তির বাস্তবায়ন ও সংবেদনশীল বিষয়গুলোর সমাধান খোঁজা হবে। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সুইজারল্যান্ডে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, সশরীরে উপস্থিত না হয়ে দূরবর্তী উপায়ে বা রিমোটলি এই স্বাক্ষর সম্পন্ন হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন