মানিকগঞ্জে ভাষাসৈনিক পরিবারকে সংবর্ধনা

ফন্ট সাইজ:

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদসহ দুইজন ভাষাসৈনিক পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় ৫২’র ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই খোরশেদ আলম, ভাষাসৈনিক মিরাজ উদ্দিন মাস্টারের মেয়ে মেহরুন নাহার ও ভাষাসৈনিক ওয়াজেদ আলী উদ্দিন মাস্টারের ছেলে আতাউল হকের হাতে সম্বর্ধনা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রসাশক। এসময় উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান প্রমুখ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকালে মানিকগঞ্জ জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী শহীদদের শ্রদ্ধা জানান। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন