ভারতের আহমেদাবাদে গত বছরের আজকের দিনে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় একজন বাদে বিমানের ২৬০ জন নিহত হন, যা এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। তবে এক বছর পূর্ণ হলেও দুর্ঘটনার তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতি সম্পর্কে অবগত উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, এই তদন্তের লক্ষ্য একটি বিশদ চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা।
সূত্র জানায়, প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে তদন্তের সমস্ত দিক প্রকাশ করা হবে। তার আগেই অবশ্য একটি স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করা হতে পারে। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসতে আরও দুই মাস সময় লাগতে পারে।
সূত্রটি আরও জানায়, কোনো কিছুই অন্ধকারে রাখা হবে না। সমস্ত বিবরণ জনসমক্ষে আনা হবে।
তদন্ত নিয়ে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন খারিজ করে দিয়ে বলা হয়েছে, কিছু জল্পনা-কল্পনার “কোনো ভিত্তি নেই।” সূত্রটির মতে, জিই অ্যারোস্পেসের পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি, যাদের ইঞ্জিন এই তদন্তের একটি প্রধান কেন্দ্রবিন্দু।
সূত্রগুলি জোর দিয়ে বলেছে যে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এবং আশ্বাস দিয়েছে যে “কোনো কিছুই অন্ধকারে রাখা হবে না”, বরং সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।
