বিশ্বকাপ ফুটবলের লড়াইয়ে দীর্ঘদিনের এক আক্ষেপ ঘোচালো দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে হং মিউং-বোর দল। এ জয়ে গত চারটি বিশ্বকাপের পর প্রথমবারের মতো আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেল এশিয়ার জায়ান্টরা।
অধিনায়ক সন হিউং-মিনের নেতৃত্বে পুরো ম্যাচে দাপটই দেখায় দক্ষিণ কোরিয়া। তবে গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় তাদের। প্রথমার্ধে আটটি সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোরিয়া। উল্টো ম্যাচের ৫৯তম মিনিটে খেলার তারা ধারার বিপরীতে গোল খেয়ে বসে। ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো-ইন থেকে হেডে গোল করে চেক প্রজাতন্ত্রকে লিড এনে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেজি।
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি কোরিয়া। মাত্র আট মিনিটের ব্যবধানে সমতা ফেরান ফেইনুর্দ মিডফিল্ডার হোয়াং ইন-বেওম। লি কাং-ইনের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে দারুণ এক চিপে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ৭৮তম মিনিটে চেক প্রজাতন্ত্রের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে রক্ষা পায় কোরিয়া। ম্যাচের ৮০তম মিনিটে বদলি খেলোয়াড় ওহ হিউন-গিউ হোয়াংয়ের ক্রস থেকে বল জালে জড়িয়ে স্টেডিয়ামে উপস্থিত কোরিয়ান দর্শকদের উৎসবে মাতান।
শেষ দিকে চেক প্রজাতন্ত্র মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও দেয়াল হয়ে দাঁড়ান কোরিয়ান গোলকিপার কিম সিউং-গিউ। ৮২তম মিনিটে অ্যাডাম হ্লোজেকের ক্লোজ-রেঞ্জ শট এবং ইনজুরি টাইমে মিচাল সাদিলেকের প্রচেষ্টা ব্যর্থ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
