শ্যামনগরে অস্ত্র-গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

শ্যামনগরে অস্ত্র-গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড সদস্যরা। বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি সুইচগেইট এলাকায় দস্যুরা অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তিন বনদস্যুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগরের বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন