সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা ও বুড়িগোয়ালিনীর ডুমুরিয়া খেয়াঘাটটি বর্তমানে ভাঙনের কবলে পড়েছে। ঘাটের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়ায় প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৯ সালে বুড়িগোয়ালিনী অংশের খেয়াঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন পার হলেও সেই ঘাটটি এখনো পুনর্নির্মাণ করা হয়নি।
ফলে দুই ইউনিয়নের বাসিন্দাসহ নানা শ্রেণি-পেশার মানুষের যাতায়াতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে ডুমুরিয়া ঘাটেও একই ধরনের ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দু’পাড়ের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হবে। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন, প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘাট ব্যবহার করে থাকেন। ভাঙনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কার গ্রহণের দাবি জানাচ্ছি। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় নদীভাঙন এলাকায় এ ধরনের সমস্যা আমাদেরকে প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়। ডুমুরিয়া খেয়াঘাটটিতে দীর্ঘদিন ধরে ভাঙনের সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
