আগামী ১৭ই জুন মৌলভীবাজার সফরে এসে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে শ্রীমঙ্গলের সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী ১৭ই জুন তারিখ সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল এবং দুপুর আড়াইটায় রাজনগরে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ ঘুরে দেখা হয়। জেলা প্রশাসক আরও বলেন, ভেন্যু নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
