শরণখোলায় প্রতিবন্ধীকে পিস্তল ঠেকিয়ে মালামাল লুট

ফন্ট সাইজ:

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে মহিমা বেগম (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী নারীকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মোল্লাবাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোল্লাবাড়ীতে তিনজনের একটি সংঘবদ্ধদল মুখোশ পরে বাড়ির দেয়াল টপকে ঘরে প্রবেশ করে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে লুটপাট চালায়। ঘটনার সময় সোবহান মোল্লার বাকপ্রতিবন্ধী স্ত্রী মহিমা বেগম, মেয়ে মরিয়ম ও এক নাতি ঘরে ছিলেন। তবে কাজে বাইরে ছিলেন সোবহান মোল্লা। মেয়ে মরিয়ম অভিযোগ করে বলেন, রাতে ঘরে ঢুকে তারা মা’কে একটি পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায়।

এ সময় মারধর করে এবং কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া ঘরে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেলাই মেশিন ও নগদ টাকা নিয়ে যায়। এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, তবে যে পিস্তলটি তাদের দেখানো হয়েছে ধারণা করা হচ্ছে সেটা খেলনা পিস্তল হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন