সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলা ও মারধরে দুই পুলিশ সদস্য আহত এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আহত পুলিশ সদস্য এসএম শামীম হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। অন্যদিকে, পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলোÑ সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর এলাকার আরিফ ইসলাম (২০), একই এলাকার সাগর মিয়া (২৩), বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার মো. মারুফ (২০), পোড়াবাড়ি এলাকার মো. হুমায়ুন (১৯) এবং বক্তারপুর এলাকার মো. রাকেশ মাল (৩০)। মাদক ব্যবসায়ীদের হামলা ও মারধরে আহত দুই পুলিশ সদস্য হলেনÑ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বক্তারপুর এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় রফিকুল ও তার সহযোগীরা ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। পরে তাদের আরও কয়েকজন যোগ দিলে ৪০-৫০ জনের একটি দল দুই পুলিশ সদস্যকে মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরসহ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন