ধনবাড়ীতে মাছ লুটের ঘটনায় মামলা, বাদীর পরিবারকে হুমকি

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের বন্দবেতাল এলাকায় চাঁদা না দেয়ায় জোরপূর্বক পুকুরের মাছ লুটের ঘটনায় মামলা দায়েরের পর বিবাদীর পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
মামলার বাদী বন্দবেতাল এলাকার বাসিন্দা বৃদ্ধ দরাজ আলী অভিযোগ করে জানান, আমি ও আমার পরিবারের নিজস্ব জমিতে পুকুর খনন করে যুগ যুগ ধরে মাছ চাষ করে আসছি। বিগত আওয়ামী লীগ সরকার দেশ ছাড়ার পর থেকেই কয়েক দফায় অস্ত্রের ভয় দেখিয়ে বিএনপি’র নাম ভাঙিয়ে দেড় লাখ টাকা চাঁদা নেয় রহিম বাদশা গংরা।

হঠাৎ করেই গত ৪ঠা জুন বন্দবেতাল গ্রামের আব্দুর রহিম বাদশা গংরা তাদের সন্ত্রাসী দলবল নিয়ে আবারো ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় প্রকাশ্য দিবালোকে ওইদিনই বেড় জাল দিয়ে পুকুরের আনুমানিক ২০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসার কথা বললেও অদৃশ্য কারণে আর আসেনি। তাই নিরুপায় হয়ে ৮ই জুন টাঙ্গাইল কোর্টে একটি মামলা দায়ের করি। এ ঘটনায় ন্যায়বিচারে পুলিশ প্রশাসনসহ স্থানীয় এমপি তথ্যপ্রযুক্তি মন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে আব্দুর রহিম বাদশা গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, কোর্ট থেকে মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় সরজমিন তদন্ত করে সঠিক তদন্ত প্রতিবেদন কোর্টে প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন