বরগুনায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা

ফন্ট সাইজ:

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের সাতদিন পর হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে বরগুনা সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন নিহতের স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস। বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম বুধবার (১০ই জুন) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ইতি রানী (৩৪) ও তার দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ডাকবাংলো থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

এর আগে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা দাবি করেছিলেন, এটি পরিকল্পিত আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। একই সুরে কথা বলেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিষয়টা নিছক আত্মহত্যা মানতে নারাজ ছিল তাদের স্বজনরা। ইতি রানী ও তার দুই মেয়েকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেছিলেন ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস। এমনকি, থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেন তিনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদের ডাকবাংলোতে যাতায়াতকারী ব্যক্তি অথবা ইতি রানীর কোনো সহকর্মী অজ্ঞাত কারণে তার দুই মেয়ে ও তাকে হত্যা করে কক্ষের দরজা বন্ধ রেখে জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। মামলার বাদী দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, মঙ্গলবার গভীর রাতে বরগুনা থানায় মামলা করেছি। এর আগে থানায় গিয়েছিলাম মামলা করতে, কিন্তু মামলার বাদী থেকে আমাকে বাদ দিয়ে আমার শাশুড়িকে বাদী করে মামলা করতে বলেন পুলিশ। এরপর গত সোমবার দুপুরে আইনজীবীর মাধ্যমে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে ময়নাতদন্তের প্রতিবেদন না থাকায় আবেদন গ্রহণ করেননি আদালত। এরপর অজানা কোনো কারণে সোমবার রাতে পুলিশ মামলা নিতে রাজি হয়।

তবে, মামলায় জেলা পরিষদের কেয়ারটেকার লিটনকে আসামি করতে চাইলে পুলিশ লিটনের নামে মামলা রুজু করতে রাজি হয়নি। সবশেষ অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করতে হয়। শুরু থেকেই এই মৃত্যুকে পুলিশ আত্মহত্যা বলছেন। মামলা তো করেছি, এই মামলার সুষ্ঠু তদন্ত হবে কি না তা নিয়ে সংশয়ে আছি। বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম বলেন, দুলাল চন্দ্র বিশ্বাস থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা রুজু করেছি আজকে। যদিও এই ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছে ৩রা জুন রাতেই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন