নেত্রকোণায় জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল ভোরে জেলা শহরের ঘোষের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক জয় বাংলা সেøাগান দিয়ে কেরোসিন ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেন। তার পাশেই মাস্ক পরা আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে কয়েকজন শহীদ ওসমান হাদিকে নিয়েও কুরুচিপূর্ণ স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের মধ্যেই একজন আগুন দেয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন। আগুন লাগার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্তম্ভটি লোহার তৈরি হওয়ায় এর নিচের অংশে কিছুটা কালো দাগ হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. ফাহিম রহমান খান পাঠান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্তে কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নেত্রকোণা সংবাদদাতা
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
